গত ২ জানুয়ারি প্রেরিত ওই শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বার্তায় অ্যান্তোনিও গুতেরেস উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ ও সম্মানজনক অবস্থান অর্জন করেছিলেন। দীর্ঘদিনের নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব রেখে গেছেন।
তিনি আরও বলেন, এই শোকাবহ সময়ে প্রয়াত নেত্রীর পরিবার, বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।
উল্লেখ্য, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

0 মন্তব্যসমূহ